সিরাজগঞ্জ-১ উপনির্বাচন: আ. লীগের জয় ও বিএনপির রেজার মনোনয়নপত্র জমা

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১১:১৯ পিএম

সিরাজগঞ্জ-১ (সদর আংশিক-কাজিপুর) আসনের উপনির্বাচনে দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের বড় ছেলে সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি গত সোমবার দুপুরে কাজিপুর উপজেলা নির্বাচন অফিসে মনোয়নপত্র জমা দেন। 

বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা মনোনয়নপত্র দাখিলের শেষদিন মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে তা জমা দেন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপিপ্রার্থী সেলিম রেজা বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে অংশ নিয়েছি। ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে তাহলে আমার বিজয় নিশ্চিত।

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় বলেন, বাবার নির্বাচনী এলাকার মানুষ আমার শক্তি ও সাহস। বিশেষ করে কাজিপুরবাসীর ঋণ শহীদ এম মনসুর আলীর পরিবার কোনো দিন শোধ করতে পারবে না। পরিবারের পূর্বপুরুষদের মতো প্রিয় কাজিপুরবাসীর সেবায় নিয়োজিত থাকব।

উল্লেখ্য, গত ১৩ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচনে ভোট হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত