রাজশাহীতে ধর্ষণ মামলা বেড়েছে

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১১:৫৭ পিএম

রাজশাহীতে থামছেই না ধর্ষণের ঘটনা। বরং প্রতি বছর বাড়ছে। গত বছরের তুলনায় চলতি বছর রাজশাহী জেলা ও মহানগরীর থানাগুলোতে বেড়েছে ধর্ষণের মামলা। বছরের এখনো তিন মাস বাকি থাকলেও ধর্ষণ মামলার সংখ্যা ছাড়িয়ে গেছে গত বছরের সংখ্যাকে। উপজেলা পর্যায়েই গত তিন মাসে দ্বিগুণ মামলা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধানের দাবি, মামলা আরও বাড়বে। অনেক সময় মামলা রেকর্ড করা হয়নি। শুধু মামলা রেকর্ড করা হলেই নয়, এগুলো দ্রুত বিচারকার্য সম্পাদনের ব্যবস্থা ও শাস্তির প্রয়োগ ঘটলেই এসব ঘটনা কমে আসবে।

রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের তথ্যমতে, রাজশাহী মহানগর ও জেলা মিলে গত বছর ধর্ষণ মামলা হয় ১৩০টি। এর মধ্যে মহানগরে ৬৪টি আর জেলাতে মামলা করা হয় ৬৬টি। বছর শেষ হতে এখনো তিন মাস বাকি। কিন্তু ধর্ষণের ঘটনা এরই মধ্যে গত বছরের সংখ্যা অতিক্রম করেছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত জেলা পুলিশের থানাগুলোতে ধর্ষণের মামলা হয়েছে ৮৬টি। আর মহানগরে হয়েছে ৫২টি। সর্বমোট মামলা হয়েছে ১৩৮টি। গত তিন মাসে (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) রাজশাহী মহানগরে ধর্ষণের মামলা হয়েছে ২৪টি। গত বছরের এই তিন মাসে মামলা হয় ২১টি। জেলা পুলিশের থানাগুলোতে ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ। এ বছরের এ তিন মাসে জেলায় মামলা হয়েছে ৩৪টি। গত বছর এ সংখ্যা ছিল ১৭টি।

ধর্ষণের এসব মামলা বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ ঘটনায় নির্যাতিত নারীর বয়স ২২ বছরের মধ্যে। ৬০ ভাগ মামলার ভিকটিম ২০ থেকে ২২ বছরের বয়সী। অবশ্য এসব মামলার তদন্তে বেরিয়ে এসেছে ধর্ষণের ঘটনাগুলোর বড় সংখ্যকের পেছনের প্রেমের সম্পর্ক জড়িত। স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের পর জটিলতা তৈরি হলে বা বিয়ে করতে রাজি না হওয়ার কারণেও অনেক মামলা হচ্ছে।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় প্রধান দিল সিতারা চুনি বলেন, যেসব মামলা হচ্ছে সেসব মামলার বিচার হচ্ছে না। সঠিক তদন্তও হচ্ছে না। অনেক সময় মামলাও রেকর্ড করা হচ্ছে না। মামলাটা যদিও রেকর্ড করা হয় সেটি সঠিকভাবে তদন্ত হচ্ছে না। অনেক সময় বিলম্ব হওয়ার কারণে সাক্ষীরাও আগ্রহ হারাচ্ছে। বাদীও আগ্রহ হারিয়ে ফেলছে। যেভাবে সঠিকভাবে আইনের প্রয়োগ হওয়া উচিত সেভাবে হচ্ছে না। এজন্যই এসব ঘটনা বেড়ে যাচ্ছে। যদি অপরাধীর শাস্তি হতো তাহলে এভাবে ধর্ষণের ঘটনা বাড়ত না। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, মহানগর পুলিশে গত বছরের তুলনায় খুব একটা যে মামলা বৃদ্ধি পেয়েছে তেমন নয়। এটি স্বাভাবিকই আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত