করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত রবিবার স্তাদ দি ফ্রান্সে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া সে ম্যাচ শেষে করোনা পরীক্ষায় রোনালদোর শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে। আজ তাই নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না তার। আপাতত দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে রয়েছেন বলে খবরটি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
গতকাল জাতীয় দলের অনুশীলন থেকে বিরত ছিলেন রোনালদো। এমনিতে ভালো আছেন পর্তুগিজ তারকা। শরীরে কোনো লক্ষণ নেই। তিনি আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার বাকিদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে সবাই নেগেটিভ হয়েছেন।
ইতালিয়ান সিরি আ-তেও ১৭ অক্টোবর ক্রোটনের সঙ্গে ম্যাচে খেলা হচ্ছে না রোনালদোর। চ্যাম্পিয়নস লিগে ২০ অক্টোবর ডায়নামো কিয়েভ ও ২৮ অক্টোবর বার্সেলোনার সঙ্গে খেলা রয়েছে তাদের।
উল্লেখ্য, জুভেন্তাসের দুজন কর্মকর্তা করোনা পজিটিভ ছিলেন কয়েক দিন আগে। অন্যদিকে নাপোলির একাধিক খেলোয়াড়ের করোনা থাকায় গত ৪ অক্টোবর জুভেন্তাসের মাঠে খেলতে আসেনি নাপোলি।
