ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয় : জিএম কাদের

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০২:৩৩ এএম

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয় সেজন্য সরকারকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।’ গতকাল মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘কোনো নিরপরাধ ব্যক্তি যেন এ ধর্ষণ আইনে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তদন্ত থেকে বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া আইনি জটিলতা দূর করে ধর্ষিতার বিচারপ্রাপ্তি সহজ করতে হবে। পাশাপাশি ধর্ষণ নির্মূল করতে নির্দিষ্ট সময়ের মধ্যেই অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষিতার পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

মন্ত্রিসভায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত