রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য আহত হওয়ার পর পাল্টা হামলায় হামলাকারীদের দুজন নিহত হয়েছে। রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির গতকাল মঙ্গলবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, ‘সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জেনেছি আমরা। পুলিশ সেখানে গেছে।’ আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় রাঙ্গামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা। এ সময় পার্শ্ববর্তী আরেকটি অবস্থান থেকে সেনা টহলের ওপর গুলিবর্ষণ করা হলে সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীদের মধ্যে দুজন নিহত হয়। আহত শাহাবুদ্দিনকে প্রথমে রাঙ্গামাটি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিহত দুজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের কর্মী। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানিয়েছেন, ‘এ রকম কোনো ঘটনার খবর আমাদের জানা নেই। কোনো খবর জানলে আমরা বিবৃতির মাধ্যমে জানিয়ে দেব।’
