দেশের চলমান করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘করোনা সামগ্রী’ কিনতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ৩৪ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে চলতি মাসে এ অর্থ বরাদ্দ করা হয়। এ অর্থে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের ১২টি সিটি করপোরেশন পেয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা, ৩২৮টি পৌরসভা পেয়েছে ১৪ কোটি টাকা ও ৪৯২টি উপজেলা পেয়েছে ৮ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। ২০২০-২১ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রীর থোক বরাদ্দ থেকে এ টাকা দেওয়া হয়েছে বলে অফিস আদেশে বলা হয়। বরাদ্দ করা এ অর্থ শুধু করোনা সামগ্রী কেনার জন্য ব্যয় করতে বলা হয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা মোকাবিলায় আমরা সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কাজ অব্যাহত রেখেছি। এবারও প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো যেন সঠিকভাবে বিরতণ হয় সেদিকেও আমরা নজর রাখছি। জেলা ও উপজেলা পর্যায়ে আমাদের কর্মকর্তারা তা মনিটরিং করছেন। এ ছাড়া মন্ত্রণালয় থেকেও আলাদা মনিটরিং টিম গঠন করে দেওয়া হয়েছে। তারাও এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে। এরপরও যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি।’
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, করোনাভাইরাস মোকাবিলায় গত ২৯ সেপ্টেম্বর দেশের ৪৯২টি উপজেলায় ৮ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। একই ভাবে চলতি মাসের ৫ তারিখে ১২ সিটি করপোরেশেনকে ১২ কোটি ৫০ লাখ টাকা ও ৬ তারিখে দেশের ৩২৮ পৌরসভাকে ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১ কোটি ৭৫ লাখ টাকা, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ কোটি ৭৫ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ১ কোটি ৫০ লাখ টাকা, গাজীপুর সিটি করপোরেশন ১ কোটি টাকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১ কোটি টাকা, কুমিল্লা সিটি করপোরেশন ১ কোটি টাকা, খুলনা সিটি করপোরেশন ৭৫ লাখ টাকা, রাজশাহী সিটি করপোরেশন ৭৫ লাখ টাকা, বরিশাল সিটি করপোরেশন ৭৫ লাখ টাকা, সিলেট সিটি করপোরেশন ৭৫ লাখ টাকা, রংপুর সিটি করপোরেশন ৭৫ লাখ টাকা ও ময়মনসিংহ সিটি করপোরেশন ৭৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অফিস আদেশে বলা হয়, সিটি করপোরেশন অধিক্ষেত্রে শুধু বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার) বিতরণের জন্য এ টাকা ব্যয় করা যাবে। এ ছাড়া এ অর্থ ব্যয় করার ক্ষেত্রে পিপিআর-২০০৮ অনুসরণ করে যাবতীয় আর্থিক বিধিবিধান পরিপালন করতে হবে।
