কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশের মতো রাশিয়াতেও দেখা দিয়েছে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ। প্রথম ভাগে দেশটিতে ভাইরাস যথেষ্ট দ্রুত ছড়ালেও এবারের পর্বে সংক্রমণের হার ছাড়িয়ে গেছে আগের যেকোনো সময়ের রেকর্ডকে। গতকাল মঙ্গলবার এক দিনে ১৩ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে।
রুশ কর্র্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৩ হাজার ৮৬৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা সেখানে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৬ হাজার ১৭৮ জন।
২৪ ঘণ্টার ব্যবধানে নতুন রোগীর মতো মৃতের সংখ্যাও বেড়েছে রাশিয়ায়। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২৪৪ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৬৬ জনে।
রুশ কর্র্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত এক দিনে দেশটিতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী মস্কোয়। নতুন ৪ হাজার ৬১৮ জনসহ শহরটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৪৩১ জন। এছাড়াও সেন্ট পিটার্সবার্গে ৫৫৭ জন, মস্কো অঞ্চলে ৪২০ জন, রোস্তভ অঞ্চলে ২৭৭ জন ও নিঝনি নোভগরদ অঞ্চলে নতুন করে ২৭৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এদিকে গতকাল রাত ১২টা পর্যন্ত বিশ্বে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ৩ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৮ হাজার ৫১৫ জনের। আরোগ্য লাভ করেছে ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৮৫৭ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটি আক্রান্ত ও মৃত্যুর তালিকায় আছে সবার উপরে। এরপর আক্রান্তের দিক দিয়ে আছে ভারত। তবে মৃত্যুর সংখ্যায় ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে আর ভারতের অবস্থান তিনে।
