ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় ছাত্রদল ও যুবদলসহ ১০-১২ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি প্রার্থী নির্বাচনী গণসংযোগ চালাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এলে আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।
উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করে। পরে পুলিশি বাধা উপেক্ষা করেই মিছিল শুরু করে বিএনপি নেতাকর্মীরা।
এ বিষয়ে বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের ছেলে তানভীর আহমেদ রবিন বলেন, আজ থেকে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা দৌড়ের ওপর থাকবে।
বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘১৭ তারিখ কেন্দ্রে কেন্দ্রে আমি নিজে থাকবো। কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
