এক বলে দুইবার আউট হলেন রশিদ খান! হ্যাঁ, মঙ্গলবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচে এমন ঘটনাই ঘটেছে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে ২০ রানে হারে হায়দরাবাদ। তবে প্রায় ম্যাচ বের করে দিয়েছিলেন রশিদ খান। ৭ বলে ১৪ রান করার পর যদিও শার্দুল ঠাকুরের শিকার হন আফগান অধিনায়ক। পরে দেখা যায় যে ওই বলে দুই বার আউট হয়েছিলেন তিনি!
সেই মুহূর্তে ৭ বলে ২২ রান দরকার ছিল হায়দরাবাদের। শার্দুল ঠাকুরের ফুলটসে হাঁটু গেড়ে বসে ছক্কা মারতে গিয়েছিলেন রশিদ। কিন্তু এ সময় তার পায়ে লেগে স্টাম্প ভেঙে যায়। অর্থাৎ তিনি হিট উইকেট হন।
অন্যদিকে সেই বলটি লং অনে যায় ও সহজেই ক্যাচ নেন দিপক চাহার। রশিদকে শেষ পর্যন্ত হিট উইকেটই দেওয়া হয়েছে। আর ম্যাচ নিজেদের করে চেন্নাই প্লে-অফে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।
