পাকিস্তান দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ-উল-হক গত বছরের সেপ্টেম্বরে। এক বছর পেরিয়ে যাওয়ার পর এখন তার মনে হচ্ছে এক সঙ্গে দুই দায়িত্ব নেওয়া তার উচিত হয়নি। তাই গতকাল প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিয়েছেন সাবেক অধিনায়ক। ‘দুই দায়িত্ব আমি পুরোপুরি উপভোগ করেছি। তবে গত ১২ মাস আমার পারফরমেন্সের পর্যালোচনা করে মনে হয়েছে আগামীতে সম্ভাব্য কাজের পরিধি ছোট করতে হবে। আমার মনে হয়েছে- পুরো সময়, শক্তি ও মনোযোগ একটি ভূমিকায় বিনিয়োগ করাই উচিত হবে।’ মিসবাহ আরও বলেন, ‘কোচিং আমার আবেগের জায়গা এবং আমার চূড়ান্ত লক্ষ্য পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে অবদান রাখা এবং দলকে আরও বড় সাফল্য এনে দেওয়া। গত বছর যখন আমাকে নিয়োগ দেওয়া হয়, কোচিংয়ের প্রস্তাব আগে দেওয়া হয়েছিল। এরপর নির্বাচক কমিটির প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। আমি সেই প্রস্তাব সানন্দেই গ্রহণ করি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞ আমাকে সমর্থনের জন্য।’ গত জুনে ইংল্যান্ড সফরে ব্যর্থতার পরই মিসবাহর পারফরম্যান্সে অসন্তুষ্টি প্রকাশ করে পিসিবি।
×
