সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০২:১৯ এএম

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য তথ্য দিয়ে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়াতে একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আলোচনা চালাচ্ছি।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। একই সঙ্গে সিলেটের পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, আমাদের এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) ডিপার্টমেন্ট রয়েছে। সবসময় তারা মনিটর করছে, কে করছে, কোথা থেকে আসছে। আমরা সেই জায়গাটিতে কাজ করছি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেখানে কাজ করছে। ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি। যেগুলোর বিষয়ে অবজেকশন দিচ্ছি বা পরিচয় চিহ্নিত করার জন্য মাঝেমধ্যেই তারা কিন্তু আমাদের দিচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা গতকাল যে প্রেস রিলিজটি দিয়েছি, আপনারা দেখেছেন সামাজিক অস্থিরতা বাড়ানোর জন্য অনেক তথ্য আসছে, সেগুলোর সত্যতার ঘাটতি রয়েছে বা অপলাপ হচ্ছে। আমাদের নিয়মিত নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা খবর প্রচারিত হচ্ছে। আদালতের রায় নিয়েও সমালোচনা করছেন। বিভিন্ন কায়দায় একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মিথ্যা-অসত্য তথ্য প্রচার করা হচ্ছে।

জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। কারা এসব অপপ্রচার চালাচ্ছেনÑ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো তো আপনারা দেখছেন। কিছু কিছু নাম আছে। এগুলো তারাই করছেন কি না তা তদন্তের বিষয় রয়েছে। ফেইসবুক অথরিটির সঙ্গে আমাদের মাঝেমধ্যেই বসা হচ্ছে। ফেইসবুক আমাদের নিশ্চয়তা দিয়েছে তারা আমাদের সহযোগিতা করবে। আমরা সবসময় যে সহযোগিতা পাই সেটা আমরা বলব না। আমরা তাদের সবসময় জানাচ্ছি। যারা এ অপপ্রচার করছেন তাদের আইডি সম্পর্কে আমরা জিজ্ঞাসা করছি। তাদের ডিটেইল আমরা চাচ্ছি। এ ধরনের অপপ্রচার যাতে বন্ধ হয় সেই বিষয়ে ব্যবস্থা করার জন্য বলছি। ওনারা মাঝেমধ্যে করছেন কিংবা করলে আবার দেখি নতুন আইডির মাধ্যমে তারা আবার করছেন। এগুলো কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছেন। তারা এটা নিয়ে চিন্তাভাবনা করছেন। প্রয়োজনে আবারও ফেইসবুকের সঙ্গে আমরা বসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত