১৫৬ কিলোমিটার বেগে বল করলেন নরকিয়া

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০১:৫৩ পিএম

গতির কারণে তার প্রতিটা বলই যেন আগুনের গোলা। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে গতিময় বলটি করলেন দক্ষিণ আফ্রিকান পেসার নরকিয়া আনরিখ।

বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৩ রানের জয়ের ম্যাচে ১৫৬ কিলোমিটারের বেশি বেগের একটি বল করেন দিল্লি ক্যাপিটালসের এই বোলার।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা রাজস্থান তৃতীয় ওভারেই নরকিয়ার গতির মুখোমুখি হয়। আক্রমণাত্মক জস বাটলারকে বল করতে থাকেন তিনি। ওভারের পঞ্চম বলটি করেন ১৫৬.২ কিলোমিটার বেগে! এবারও অসাধারণ এক র‍্যাম্প শটে চার মারেন বাটলার। এর আগে ছক্কা হাঁকিয়ে নরকিয়াকে খেলা শুরু করেন এই ইংলিশ তারকা।

তবে বাটলারকে উইকেট ছাড়া করেই আগুনে ওভারটি শেষ করেন নরকিয়া। ১৫৫.১ কিলোমিটার বেগে করা এই বলে স্টাম্প এলোমেলো করে দেন তিনি।

আইপিএলে এর আগে সবচেয়ে গতিময় বলটিও ছিল নরকিয়ারই, ১৫৫.২১ কিলোমিটার। আর তার আগের রেকর্ডটি ছিল আরেক প্রোটিয়া পেসার ডেল স্টেইনের। ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় ১৫৪.৫ কিলোমিটার গতিতে বল করে রেকর্ড গড়েছিলেন তিনি।

ম্যাচ শেষে নরকিয়া জানালেন, গতির নতুন রেকর্ডটির বিষয়ে কিছু জানতেন না তিনি-১৫৬ কিলোমিটার গতিতে বল করেছি, এটা জানতাম না,জেনে খুব ভালো লাগল। আসলে আজ খুব ফুরফুরে লাগছিল। জিততে পেরে তাই দারুণ লাগছে। শুরুর দিকে জস বাটলার অসাধারণ খেলছিল। ফুল লেংথে বেশি বল করে ফেলেছিলাম। পরে ভাবলাম নিজের শক্তির জায়গায় সোজা স্টাম্পে রাখি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত