মেসেঞ্জারে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে ফেইসবুক। লোগো পরিবর্তনসহ যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার। করোনাকালে ঘরবন্দি মানুষের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে মেসেজিং অ্যাপগুলো। ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে মেসেঞ্জারকে নতুন রূপে হাজির করে ফেইসবুক। এক বিবৃতিতে ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট স্টান চাদনোভস্কি বলেন, ‘আসলে ফেইসবুক মেসেঞ্জার আর ইন্সটাগ্রামে চ্যাট এক সঙ্গে জুড়ে দেওয়ার জন্য মেসেঞ্জারের নতুন লোগো আনা হয়েছে।’
মেসেঞ্জারের যে নতুন লোগোটি প্রকাশিত হয়েছে সেটি আর আগের মতো কেবল নীল রঙের নয়, তাতে কিছুটা গোলাপি রংও রয়েছে। শুধু নতুন লোগো নয়, আসতে চলেছে আরও নতুন থিম এবং ফিচারও। ইতিমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও যুক্ত হয়েছে। লাভ অ্যান্ড টাই-ডাই নামে বিশেষ এক ভালোবাসার থিমও যুক্ত হবে। সঙ্গে থাকছে সেলফি স্টিকার। যুক্ত করা হবে ভ্যানিশ মোডও। স্ন্যাপচ্যাটে আর ইন্সটাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা। এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনো ছবি দেখতে দেখতে তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে মুছে যাবে ওই ছবিটি।
