প্রবীণদের পাশে দাঁড়াতে বালকের তাঁবুবাস

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৩:৩০ এএম

করোনাকালে প্রবীণ প্রতিবেশীদের সাহায্য করতে এক অভিনব পন্থায় অর্থ সংগ্রহ করেছে ১০ বছর বয়সী এক ব্রিটিশ বালক। অসুস্থ প্রবীণ প্রতিবেশীদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করতে গত মার্চ মাস থেকে ১০ বছর বয়সী ম্যাক্স উজি নিজেদের বাড়ির বাগানে তাঁবু খাটিয়ে সেখানে রাত কাটাতে শুরু করে। আর তা করেই এ পর্যন্ত ৪০ হাজার পাউন্ড বা ৫২ হাজার মার্কিন ডলার সংগ্রহ করেছে সে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো বলছে, ম্যাক্স উজির উদ্যোগ তার মতো অনেক শিশু-কিশোরকে প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হতে শেখাবে।

কভিড-১৯-এর বিস্তার রোধে ব্রিটেনে জাতীয় লকডাউন ঘোষণার কয়েক দিন পরই প্রতিবেশীদের জন্য জনপ্রতি ১০০ পাউন্ড করে সংগ্রহ করার লক্ষ্যে তাঁবুতে রাত কাটানো শুরু করে সে। 

ম্যাক্স আগে থেকেই তার প্রবীণ প্রতিবেশী রিক ও স্যু-কে দেখাশোনা করত। রিক ও স্যু ক্যানসারে ভুগে হয়ে মারা গেছেন। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রাউন্টন এলাকার বাসিন্দা ম্যাক্স প্রতিবেশী রিক সম্পর্কে জানায়, তিনি ছিলেন চমৎকার একজন মানুষ। প্রকৃতি অনেক ভালোবাসতেন।

রিক মারা যাওয়ার কয়েক দিন আগে ম্যাক্সকে তার তাঁবুটি উপহার দিয়েছিলেন এবং সেটা দিয়ে কোনো অ্যাডভেঞ্চার করার কথা বলেছিলেন। রিকের কথা মনে রেখেই বাড়ির বাগানে তাঁবু টানিয়ে অর্থ সংগ্রহের এই উদ্যোগ শুরু করে ম্যাক্স।

ম্যাক্স জানায়, করোনা মহামারীর কারণে যেন অন্য কারও ভোগান্তি না হয় সে ভাবনা থেকেই অর্থ সংগ্রহের এই উদ্যোগ নিয়েছে সে। তার এখন ভালো লাগছে এই ভেবে সে যতটুকু অর্থ সংগ্রহ করতে চেয়েছিল তার চাইতে বেশি মানুষের সাড়া পেয়েছে সে। এই তববিল দিয়ে আরও বেশিসংখ্যক মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে বলে তার আশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত