ছেলেকে দিয়ে কার্যক্রম

ফরিদপুরের ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৩:৩১ এএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগমের বিরুদ্ধে ছেলেকে দিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেলোয়ারা বেগমকে বরখাস্ত করা হয়েছে। 

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, দেলোয়ারা বেগমের পরিবর্তে বেআইনিভাবে তার ছেলে মো. কামাল মিয়ার স্বাক্ষরে জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সনদপত্র প্রদানসহ অন্যান্য সব সরকারি কার্যক্রম পরিচালনা করতেন। স্থানীয় তদন্তে তা প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু চেয়ারম্যান দেলোয়ারা বেগমের পরিবর্তে বেআইনিভাবে তার ছেলে কামাল মিয়ার ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করে সরকার। সেহেতু তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হলো। এ ছাড়া ওই আইনে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে সুপারিশ করা হয়েছে প্রজ্ঞাপনে।  

এ বিষয়ে তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম বলেন, ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজ তিনি নিজেই করেন। তার ছেলে কামাল মিয়ার (জেলা পরিষদের সদস্য) স্বাক্ষরে কোনো সনদ দেওয়া হয় না।

তিনি দাবি করেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার বিপক্ষে গত নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার সঙ্গে হাত মিলিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করতেই এইসব করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত