মিরপুরে জাতীয় চিড়িয়াখানা খুলছে ১ নভেম্বর

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৩:৩৭ এএম

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা। গতকাল বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। করোনা পরিস্থিতিতে গত ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়। প্রায় সাড়ে সাত মাস পর খুলছে চিড়িয়াখানা।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ঢাকাবাসীর বিনোদনের উল্লেখযোগ্য বিকল্প নেই। বিনোদন এবং শারীরিক ও মানসিক উৎকর্ষের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে চিড়িয়াখানার প্রাণীদের খাদ্য, নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষা এবং সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। চিড়িয়াখানায় প্রবেশ ও অবস্থানের সময় সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য দর্শনার্থীদের অনুরোধ জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত