স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সীমান্ত রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার জন্য থানচি থেকে লিক্রি সীমান্ত সড়কটি নির্মাণ করা হচ্ছে। আমরা আশা করছি, এ সড়কটির কাজ শেষ হলে পার্বত্যাঞ্চলে আরও বিনিয়োগকারী আসবে, আরও লোকজন পুঁজি বিনিয়োগ করবেন। গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবানের থানচি থানা ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ৯ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তর ভবনটি নির্মাণ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বান্দরবান খুবই সুন্দর জায়গা। শুধু বান্দরবানই নয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটিও অনেক সুন্দর জায়গা। পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করার দরকার, সরকার সবই করছে।’
পার্বত্য শান্তিচুক্তির বিষয়ে ‘আলাপের শেষ নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছে। সেখানে যেসব অসুবিধা সেগুলোও দূর করা হচ্ছে। সারা দেশে একসঙ্গে উন্নয়ন করা হচ্ছে।’
আজ শুক্রবার নির্মাণাধীন থানচি-লিক্রি সীমান্ত সড়কের বাকলাই নামক স্থান পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর থানচির দুর্গম রেমাক্রি এলাকা পরিদর্শন শেষে বান্দরবান ত্যাগ করার কথা রয়েছে তার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
