গণতন্ত্র ছাড়া জনগণের মুক্তি আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, জনগণ তার নাগরিক অধিকার ঘুম থেকে ওঠার পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালন করতে পারবেন, ভোগ করতে পারবেন এটাকেই বলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা। যতক্ষণ পর্যন্ত এ দেশ, এ রাষ্ট্র, এ দেশের জনগণ গণতন্ত্র নিশ্চিত না করতে পারবে, ততদিন জনগণ ভোগান্তির হাত থেকে মুক্তি পাবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ‘ধর্ষণ ও দুর্নীতির মহোৎসব : বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, এ দেশে, সমাজে বা রাষ্ট্রে যে অবক্ষয় চলছে একদিনে তা আসেনি, একদিনে যাবেও না। আমিও বলব, কালকে বিএনপি ক্ষমতায় গেলে রাতারাতি এটা শেষ হবে না। তবে এইটুকু বলতে পারি যে, বিএনপি ক্ষমতায় গেলে একটি গণতান্ত্রিক চর্চার সূচনা যদি হয়, ধীরে ধীরে এটা যদি প্রাতিষ্ঠানিক হয়, সব শ্রেণি-পেশার মধ্যে যখন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জবাবদিহিতা নিশ্চিত হবে সেদিনই এ অবক্ষয় দূর হবে।
×
