ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন পল পগবা। নতুন চুক্তি অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ২০২২ সাল পর্যন্ত থাকবেন ফরাসি এই মিডফিল্ডার।
চলতি মৌসুম শেষে ম্যানইউ’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো ২৭ বছর বয়সী পগবার। মৌসুমের অনেকটা বাকি থাকতেই মাঝ মাঠের তারকা এই খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করল রেড ডেভিলরা।
নতুন মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির খেলা তিনটি ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন পগবা। আন্তর্জাতিক বিরতির সময়টাতে তিনি বলেছিলেন রিয়াল মাদ্রিদে নাম লেখানোর ইচ্ছা তার। লা লিগা জায়ান্টদের হয়ে খেলাটা তার স্বপ্ন।
পগবার এমন মন্তব্যের আগেই তার সঙ্গে ম্যানইউ নতুন চুক্তি করেছে বলে জানা গেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণাটা এসেছে পরে।
পগবা ২০১৬ সালে জুভেন্তাস থেকে ৮ কোটি ৯০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে রেড ডেভিলস শিবিরে নাম লেখান। গত মৌসুমে হাঁটুর চোটে পড়ার কারণে মাত্র ২২টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।
