আজ দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। জীবদ্দশায় অনেকের সঙ্গেই কাজ করেছেন তিনি। তবে কিছু মানুষ আছেন, যাদের কাছে সব সময় আইয়ুব বাচ্চু ছিলেন আপন মানুষ। তেমনি একজন কুমার বিশ্বজিৎ। প্রয়াত এ সংগীতশিল্পীকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি
আইয়ুব বাচ্চু...
আমাদের সংগীতজীবনের শুরু প্রিয় চট্টগ্রাম থেকে। অনেক বছরের সম্পর্ক বাচ্চুর সঙ্গে। কত স্মৃতি, কত কথা। জীবনের প্রায় পুরোটা সময় গান নিয়েই সাধনা করে গেছে বাচ্চু। তার শূন্যস্থান শিগগিরই পূরণ হওয়ার নয়। বাংলা গানের ইতিহাসে বাচ্চুর নাম স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলাম। ঢাকায় চলে আসার পর নিজ নিজ কাজে ব্যস্ত থাকলেও যোগাযোগটা কিন্তু নিয়মিত ছিল। আমার কাছে মনে হয় বাচ্চু এখনো জীবিত আছে। হয়তো তার সঙ্গে কথা হচ্ছে না। আমার মোবাইলে ওর নম্বরটা এখনো রেখে দিয়েছি। মনে হয়, বাচ্চু যেকোনো সময় কল দেবে।
জীবন সংগ্রাম...
রাতারাতি ব্যান্ড তারকা হয়নি আইয়ুব বাচ্চু। তার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক থাকার সুবাদে আমি তার সংগ্রামী জীবন কাছ থেকে দেখেছি। আবার একজন তারকা কত জনপ্রিয় হতে পারে, সেটিও দেখেছি। এই মানুষটি যাত্রায়ও বাজিয়েছে, আবার হোটেলেও বাজিয়েছে। প্রাচ্য এবং পাশ্চাত্য দুটিই ছিল তার সংগীতের মধ্যে। খুব পরিশ্রমী ছিল। ঘুম ছাড়া বাকি সময়টাতেই গিটারের সঙ্গে একাত্ম ছিল। দেশের শীর্ষ ব্যান্ড দল ‘এলআরবি’র প্রাণ ছিল সে। ভালোবেসে সবাই তাকে ডাকত ‘এবি’ বলে। আর ভক্তরা ‘বস’ বলে সম্বোধন করত পরম শ্রদ্ধাভরে।
গান সংগ্রহে সরকারি উদ্যোগ...
আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সবচেয়ে আনন্দের সংবাদ হলো তার গান সরকারিভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো শিল্পীর গান সংরক্ষণ করা হচ্ছে সরকারি উদ্যোগে। বিষয়টি সংগীতের মানুষদের জন্য গৌরবের। বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে আইয়ুব বাচ্চু স্মরণে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। এখানে প্রাথমিকভাবে তার ২৭২টি গান সংরক্ষিত আছে। পাশাপাশি আইয়ুব বাচ্চুর নামে ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে। বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এবং তার গান প্রজন্ম থেকে প্রজন্মে জিইয়ে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুনেছি ভবিষ্যতে আরও অন্যান্য কিংবদন্তি শিল্পীর গান সংরক্ষণের পরিকল্পনাও করছে সরকার।
দোয়া প্রার্থনা...
বাচ্চু খুবই উদার মনের একজন মানুষ ছিল। কিন্তু ঘোষণা দিয়ে কখনোই কিছু করত না। সে সব সময় বলত, ডান হাতে দান করলে যেন বাম হাত জানতে না পারে। তার ভক্তদের প্রতি আমার অনুরোধ, তার এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। যেন সে যেখানে থাকে ভালো থাকে।
