পরীক্ষা নিয়েই এবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে। কিন্তু অনলাইন নাকি অফলাইনে পরীক্ষা হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. রফিকুল আলম। গতকাল শনিবার সন্ধ্যায় জুমের মাধ্যমে উপাচার্য পরিষদের এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
ড. রফিকুল আলম বলেন, ‘বৈঠকে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। সব উপাচার্য পরীক্ষা নেওয়ার পক্ষেই মত দিয়েছেন। ফলে পরীক্ষার মাধ্যমেই ভর্তি হতে হবে শিক্ষার্থীদের এটা নিশ্চিত। তবে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে এ বিষয়টি এখনো চূড়ান্ত নয়। পরবর্তী বৈঠকে এটা চূড়ান্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য একটি অ্যাপস উপস্থাপন করেন যেখানে তিনি বলেন, পরীক্ষাটি অনলাইনে নেওয়া হলে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে নেওয়া যেতে পারে। বিষয়টিকে অন্য উপাচার্যরা সমর্থনও দিয়েছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি পরবর্তী মিটিংয়ে হবে।’
এদিকে বৈঠকে উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আজ কোনো সিদ্ধান্ত না হলেও উপাচার্যরা অনলাইনের মাধ্যমে পরীক্ষাটি নেওয়ার চিন্তাভাবনাই করছেন। পরীক্ষা হয়তো অনলাইনেই হবে। তাছাড়া দেশের এই পরিস্থিতিতে এত এত শিক্ষার্থীকে ঝুঁকির মুখে ফেলতে চায় না কেউ। আমরা চাই শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত থেকেই পরীক্ষায় অংশ নিক।’
উল্লেখ্য, কভিড-১৯ মহামারীর কারণে সরকার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা না নিয়েই গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
