সরকার-ইসি নির্বাচনের নামে নাটক করছে: নজরুল

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০২:৪৮ পিএম

দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ও ইসি নির্বাচনের নামে নাটক করছে।

রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু নির্বাচনকে তারা (সরকার ও নির্বাচন কমিশন) সম্পূর্ণভাবে পরিত্যক্ত, অগ্রহণযোগ্য ও হেয় করে ফেলেছে।’

দেশের গণতন্ত্র এখন মুমূর্ষু অবস্থায় আছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের নামে নাটক করছে।’

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘শনিবার ঢাকা এবং নওগাঁয় দুটি সংসদীয় আসনে উপনির্বাচন হয়েছে। ঢাকার আসনে ভোট পড়েছে ১০ শতাংশ। ঢাকা শহরে ১০ শতাংশ ভোট পড়বে এটা কী করে হয়?’

তিনি আরও বলেন, ‘সারা দুনিয়ার মানুষ আজ কভিড নামক মহামারীতে আক্রান্ত। আর বাংলাদেশ কভিডের পাশাপাশি দুর্নীতি, অনাচার, নারী ও শিশু নির্যাতন এবং দলীয়করণ- এ ধরনের আরও কয়েকটা মহামারীতে আক্রান্ত। এত মহামারি থেকে আল্লাহ যেন দেশটাকে হেফাজত করেন, সে জন্য দোয়া করা হয়েছে।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেডআরএফ নেতা কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম সরকার, রাশিদুল হাসান হারুন, অধ্যাপক আসাদুল হক, একরামুল হক, আনিসুজ্জামান, সানোয়ার আলম, শামীমুর রহমান শামীম, নূরুন্নবী শ্যামল, এ আর মাহমুদ, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী আরিফা সুলতানা রুমা, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত