তবুও করোনা পজিটিভ এলো

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১১:৩৮ পিএম

লকডাউনের পর থেকে সর্বোচ্চ সাবধানতা বজায় রেখে চলছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। করোনার ভয়ে কোনো শ্যুটিংই করেননি। তারপরও রেহাই পাননি। শ্যুটিংয়ে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তার সঙ্গে কথা বলেছেন বিন মোস্তফা

গোপনীয়তা...

দেশ-বিদেশে আমার অসংখ্য, এছাড়া আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাক্সক্ষী রয়েছে। তারা প্রতিনিয়ত আমাকে অনুসরণ করে, ভালোমন্দের খোঁজখবর রাখে। আমি যদি ফেইসবুকে মন খারাপ বলেও স্ট্যাটাস দিই, সেখানে কয়েক হাজার মন্তব্য জমা পড়ে। সবাই জানতে চায় কী হয়েছে আমার। তাই করোনার আক্রান্তের কথা কাউকে জানিয়ে চিন্তায় ফেলতে চাইনি। তবে আমার তেমন কোনো অসুবিধা ছিল না। বাসাতেই চিকিৎসা নিয়েছি।

আবার অসুস্থ...

জ্বর ও হালকা কাশি হলে এ মাসের শুরুর দিকে কভিড-১৯ টেস্ট করাই। ফলাফলে জানতে পারি, আমি করোনা পজিটিভ। এরপর নিজে বাসায় আইসোলেশনে চলে যাই। চিকিৎসকের পরামর্শ মেনে প্রয়োজনীয় ওষুধ খেয়েছি। দ্বিতীয়বার টেস্ট করলে করোনা নেগেটিভ আসে। এরপর তিন থেকে চার দিনের বিরতি শেষে গত শনিবার এফডিসিতে ‘গাঙচিল’ মুভির শ্যুটিংয়ে অংশ নিই। লম্বা বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে সত্যি খুব ভালো লাগছিল। ফেরদৌসের সঙ্গে দিনভর শ্যুটিং করেছি। কিন্তু এক দিন শ্যুটিং না করতেই আবার অসুস্থ হয়ে পড়ি। শ্যুটিং শেষে রাতে বাসায় ফেরার পর জ্বর আসে। সারা শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করি।

শ্যুটিং স্থগিত...

আমার জন্য শ্যুটিং আপাতত স্থগিত করা হয়েছে। শ্যুটিংয়ের জন্য এফডিসিতে ব্যয়বহুল সেট তৈরি করা হয়েছে। তাই পরিচালক-প্রযোজকের কথা ভেবে সত্যি খারাপ লাগছে। কিন্তু কী আর করার আছে? অসুস্থতার ওপর কারও কোনো হাত নেই। আপাতত সুস্থ হওয়াটা জরুরি। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হই। এরপর আবার শ্যুটিংয়ের পরিকল্পনা করব।

করোনাভীতি...

অন্য অনেকের চেয়ে আমার মধ্যে করোনাভীতি বেশি ছিল। আমি অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতাম। টানা ছয় মাস ঘরের বাইরে বের হইনি। নিজের জন্য তো অবশ্যই, সঙ্গে আমার ছোট মেয়েটার জন্য আমি অনেক ছাড় দিয়েছি। দুই ঈদ গেছে, বেশকিছু ভালো নাটকের প্রস্তাব পেয়েছিলাম, সব ফিরিয়ে দিয়েছি। নতুন সিনেমার প্রস্তাবও ছিল, একটি না করে দিয়েছি। একটির কাজ আমার জন্য অনেক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর বিজ্ঞাপনের প্রস্তাবও তো আসতেই থাকে। কিন্তু কিছুই করিনি করোনার ভয়ে। এমনকি ঈদের জন্য মেয়েকে একটি জামা কিনে দিতেও বাইরে বের হইনি। তারপরও আমারই করোনা পজিটিভ আসল। বিষয়টিতে আমি খুব অবাক হয়েছি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত