ভিটামিন-সি-সমৃদ্ধ খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে। তবে অ্যান্থোসায়ানিন নামে একটি যৌগ আছে, যা ফল বা শাকসবজিকে গাঢ় লাল বা বেগুনি রং দেয়। এই খাবারগুলোও শরীরের জন্য বেশ উপকারী। জেনে নিন বেগুনি রঙের কিছু ফল ও সবজির পরিচয়, সুস্থ থাকতে যা খেতে পারেন একদম নির্দ্বিধায়
পাম ফল
টক স্বাদের পাম ফলে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। এ ছাড়া প্রতিদিনের ডায়েটের এ ফলটি অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন-এ এবং ভিটামিন-সি সরবরাহ করে। আর তাই শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই নয়, সুস্বাস্থ্যের জন্যও এটি বেশ উপকারী।
ড্রাগন ফল
ভিটামিন-সি ছাড়াও ড্রাগন ফলে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী অনেক পুষ্টি। ওজন কমানোর চেষ্টা করছেন এমন ব্যক্তির জন্য কম ক্যালরি, ফাইবার ও উচ্চ ম্যাগনেশিয়ামযুক্ত ড্রাগন ফল দুর্দান্ত।
বেগুনি ফুলকপি
বেগুনি ফুলকপিতে আছে ফাইবার ও ম্যাগনেশিয়াম। এই সবজি সালাদ, স্যান্ডউইচ এবং অন্যান্য খাবারেও ব্যবহার করতে পারেন। সুস্থতার জন্যও এই সবজি সহায়ক।
বিটরুট
বিটরুটের বেগুনি রং উদ্ভিজ্জ রাসায়নিক থেকে আসে, যার নাম বেটালাইন। অ্যান্থোসায়ানিন্সের মতোই বেটালাইনেও অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। বিটরুট ফোলেট, আয়রন, পটাশিয়াম ও ম্যাংগানিজসমৃদ্ধ। বিটরুটের রস নিয়মিত খেলে রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
