শেষ সপ্তাহে মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০২:০৩ এএম

করোনাভাইরাস সংক্রমণে দেশে শেষ এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় প্রায় ১৭ শতাংশ মৃত্যু কমেছে। অন্যদিকে পরীক্ষা বেশি হওয়ায় এ সপ্তাহে নতুন রোগী শনাক্ত বেড়েছে। তবে শনাক্তের হার বাড়েনি। এদিকে, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪ রোগীর মৃত্যু হয়েছে, যা গত ১৫৯ দিনের মধ্যে সর্বনিম্ন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত কয়েক দিন ধরেই দেশে করোনায় মৃত্যু কমতির দিকে। টানা তিন দিন ২০-এর নিচে মৃত্যুর পর গত শনিবার ২৩ জনের মৃত্যু হলেও গতকাল তা আবার কমেছে। এর আগে সর্বশেষ গত ১২ মে ১২ জনের মৃত্যু হয়েছিল। তারপর মে মাসেই আরও দুদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল। অধিদপ্তরের তথ্যমতে, শেষ এক সপ্তাহে (১১-১৭ অক্টোবর) আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে ১৬ দশমিক ৫৭ ভাগ। এছাড়া নমুনা পরীক্ষা ১০ দশমিক ৩৪ ভাগ ও শনাক্ত ৭ দশমিক ৫১ ভাগ বেড়েছে। আর সুস্থ কমেছে ৩ দশমিক ২১ ভাগ।

অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ২৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ১২ হাজারের কিছু কম পরীক্ষায় এদিন ১০ দশমিক ৭৪ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২২৫তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে মোট ১১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত) ১২ হাজার ১৮৯টি নমুনা সংগৃহীত হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৮৬৬টি। এসব পরীক্ষায় ১ হাজার ২৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১০ দশমিক ৭৪ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৭৪ রোগী সুস্থ হয়েছেন।

এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষায় ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৫ হাজার ৬৬০ জন এবং সুস্থ হয়েছে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৬ ও সুস্থতার হার ৭৮ দশমিক ২৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১২ ও নারী ২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৬, রাজশাহী ও খুলনায় ২ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছে। মৃতদের মধ্যে ১০ জন ষাটোর্ধ্ব, ৩ জন ৫১-৬০ বছরের এবং ১ জন ছিলেন ৩১-৪০ বছর বয়সের। ১৪ জনের সবাই হাসপাতালে মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৫৭ ও নারী ১ হাজার ৩০৩ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৮ ও নারী ২৩ দশমিক ০২ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮৯৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ১৩৪, খুলনায় ৪৫৭, রাজশাহীতে ৩৬২, রংপুরে ২৫৭, সিলেটে ২৪০, বরিশালে ১৯৬ এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১১৯ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ রোগীকে আইসোলেশনে ও ৪৯২ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ২৬৫ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৭৭৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৭ হাজার ৪৪টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে মোট ১১ হাজার ৭৩০টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৪১৬টিতে। বাকি ৯ হাজার ৩১৪টি খালি ছিল। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯৯টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত