বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে ২৫ টাকা দরে ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীদের আলু বিক্রি করারও আহ্বান জানান তিনি। গতকাল রবিবার বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, আলুর পাইকারি বিক্রেতা, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত মূল্যে বাজারে আলু বিক্রি নিশ্চিত করা হবে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। দেশে প্রয়োজনীয় আলু মজুদ রয়েছে। আলু সংকটের কোনো সম্ভাবনা নেই। কোনো অবস্থাতেই অধিক লাভ করার সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে আলু সরবরাহের উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি শুরু করবে। ক্রেতাদের চাহিদা পূরণে প্রতি কেজি আলু ২৫ টাকা মূল্যে বিক্রি করবে টিসিবি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে আলুর কোনো ঘাটতি নেই। প্রচুর আলু আবাদ হয়েছে। বন্যা ও বৃষ্টির কারণে সবজির আবাদ কিছুটা ক্ষতি হওয়ার কারণে আলুর চাহিদা বেড়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যের বেশি আলুর দাম হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলুর মূল্য ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব (আইআইটি) মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে মো. আরিফুল হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাক হোসেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আল-বেরুনি, র্যাব, বিভিন্ন গোয়ন্দা সংস্থা এবং পাইকারি আলু ব্যবসায়ীদের প্রতিনিধি।
