সংবাদ সম্মেলনে ফখরুল

মধ্যবর্তী নয় বিএনপি নতুন নির্বাচন চায়

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০২:১৬ এএম

মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপি নতুন নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে কারণে আমরা নির্দলীয় সরকারের অধীনে ফ্রেশ নির্বাচনের কথা বলে এসেছি, এটাতে আমরা বিশ্বাসকরি।’ গতকাল রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা তো এ কথা (মধ্যবর্তী) এখনো বলিনি। আমরা গত নির্বাচন যেটা হয়েছে, সেটাই তো মানছি না। আমরা ওটাকে অবৈধ বলছি, আমরা ওই ভোট বাতিল করার কথা বলছি। আমাদের প্রতিটা স্টেটমেন্টে (বিবৃতি) এ কথা বলেছি যে, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন বাতিল করে ফ্রেশ নির্বাচন দেওয়া হোক।’

তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের কথা আমরা তো বলিনি ভাই। ব্যক্তিগতভাবে কেউ কিছু বললে, যারা সিভিল সোসাইটিতে আছেন, তাদের মধ্যে কেউ বলতে পারেন। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে কারণে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলে এসেছি, এটাতে আমরা বিশ্বাস করি।’

নির্বাচন কমিশন সরকারের ‘বশংবদ ক্রীড়নক’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তিন-তিনটি উপনির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে ওরা জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছে, ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন ইভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে।

তিনি বলেন, রিটার্নিং অফিসার ধানের শীষের প্রার্থীদের অভিযোগ গ্রহণ করেননি। অবলীলায় মিথ্যা কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, কোনো অভিযোগ নাকি তারা (বিএনপি প্রার্থীরা) দেননি। ঢাকা থেকেই ১৬২টা অভিযোগ দেওয়া হয়েছে। বিনা ভোটের স্বঘোষিত সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়নের জন্য ভোট ডাকাতির কৌশলে জনগণকে আবারও প্রতারিত করল। অযোগ্য এবং সরকারের বশংবদ ক্রীড়নক নির্বাচন কমিশন এই ভূমিকা পালন করছে।

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারি দলের মদদপুষ্ট একশ্রেণির ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারি ব্যবস্থাপনায় ব্যর্থতা ও দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে।

আইন সংশোধন করে মৃত্যুদন্ডের বিধান সংযোজন ধর্ষণ ও নারী নির্যাতন সমস্যার একমাত্র সমাধান নয় বলে মন্তব্য করেন ফখরুল।

দেশব্যাপী বিএনপির দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা : সংবাদ সম্মেলনে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। এই দাবিতে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সব উপনির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে ১৯ অক্টোবর সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং ২০ অক্টোবর মঙ্গলবার থানা বা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি দেওয়া হলো।

তিনি বলেন, সম্প্রতি পাবনা এবং শনিবার ঢাকা-৫ ও নওগাঁ-৬-এর জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ ও সরকারদলীয় সন্ত্রাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দিয়ে ভোট ছিনতাই করা হয়েছে। নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে। এর প্রতিবাদে আমরা এই কর্মসূচি দিলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত