ছোটপর্দার অভিনেতা শ্যামল মাওলা এখন অনেক কাজ নিয়ে ব্যস্ত। টিভি নাটকের চেয়ে দেশি ও বিদেশি ওয়েব প্ল্যাটফর্মের কাজ বেশি করছেন। সদ্য বিয়ে করেছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ওয়েবে স্বাচ্ছন্দ্য...
সত্যি বলতে, ওয়েব প্ল্যাটফর্মের জন্য কাজ করে খুব আরাম পাচ্ছি। প্রপার ফিল্ম মেকিং যেভাবে হওয়া উচিত, ওয়েবের কাজগুলো তেমনি হচ্ছে। শুধু দেশের ওয়েব প্ল্যাটফর্ম নয়, ভারতের বিখ্যাত প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত কাজ করছি। সদ্য সেখানকার দুটি কাজ শেষ করলাম। ওয়েবে বাজেট অনেক বেশি, তাই সময় নিয়ে যত্নসহকারে কাজ করা যায়। অভিনেতাকে চরিত্র হয়ে উঠতে যে বিষয়গুলোর সাপোর্ট দেওয়া উচিত, সেটা তারা দেয়। এ জন্যই কাজ করতে ভালো লাগছে।
জিফাইভ ও হইচই-এ...
সম্প্রতি ভারতের ওয়েব প্ল্যাটফর্মের জন্য যে কাজ দুটি করেছি তার একটি জিফাইভ আর একটি হইচইয়ে প্রকাশিত হবে। হইচই-এর কাজটির ব্যাপারে এখনই কিছুই বলতে পারব না, সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞা আছে। আর জিফাইভের ওয়েব সিরিজটির নাম ‘মাইনকার চিপায়’। এটি একটি থ্রিলার গল্প। নির্মাণ করেছেন আবরার আথার। এখানে মাত্র তিনটি চরিত্র রয়েছে। আমার সহশিল্পী আফরান নিশো ও শরিফুল রাজ। আমি করেছি একজন ড্রাগ ডিলারের চরিত্র। তারা দুজন করেছে ভুয়া পুলিশ ও ড্রাগ অ্যাডিক্টের চরিত্র। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী।
দেশি ওটিটিতে ‘মাফিয়া’...
ভারতের ওয়েব সিরিজ দুটির ফাঁকে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজ করেছি। শাহিন সুমন পরিচালিত এ সিরিজে আমার সহশিল্পী জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন ও অর্ষা। এই প্রথম হার্ডকোর বাণিজ্যিক ঘরানার টিমের সঙ্গে কাজ করেছি। একেবারে সিনেমার আদলে কাজটি হয়েছে। এখানে সব চরিত্রই মাফিয়া সম্পর্কিত। আমার চরিত্রটি একজন সাদামাটা ছেলে থেকে একজন মাফিয়া হয়ে ওঠে। দেশি বা বিদেশি সব ওয়েব প্ল্যাটফর্মের কাজই যত্ন নিয়ে করা হচ্ছে। তা ছাড়া বিদেশি প্ল্যাটফর্ম হলেও এখন পর্যন্ত সেগুলো দেশি নির্মাতারাই করছেন। তাই কাজের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই।
নতুন জীবন...
১০ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। আমার স্ত্রী মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ের শিক্ষার্থী। শোবিজেও কিছু কাজ করেছে। ১০/১০/২০২০ তারিখটি স্পেশ্যাল, তাই হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। করোনার মধ্যে বিধিনিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবেই একটা ঘরোয়া আয়োজন করেছি। হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। তা ছাড়া শ্যুটিংয়ের ব্যস্ততাও ছিল। বিয়ের পরদিন থেকেই নিয়মিত কাজ করছি। এখনো হানিমুনের পরিকল্পনা করিনি। তবে একটু ফাঁকা পেলেই শিগগিরই হানিমুনে যাব। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।
