কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০২:৩৬ এএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গত রবিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিটিসিএল বিল্ডিংয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল সোমবার র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলো সাগর ওরফে রোমান (১৯),  হাতেম আলী (১৯), মুক্তারুজ্জামান (১৯), রাকিব সিকদার (২০), আলামিন হোসেন (১৯)। অন্য দুজনের বয়স ১৮-এর কম হওয়ায় র‌্যাব তাদের নাম প্রকাশ করেনি। আটকের সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই স্থানীয় কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সক্রিয় সদস্য। তারা ইয়াবা, গাঁজা ইত্যাদি নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং তারা নিজেরাও নেশাজাতীয় দ্রব্য সেবন করে থাকে। তাদের গ্রুপ লিডার পারভেজের নেতৃত্বে এ কিশোর অপরাধী গ্রুপ ডিএমপির শেরেবাংলা নগর থানার বিএনপি বস্তি, শিশুমেলা, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন, ক্রয়-বিক্রয়, চুরি-ছিনতাই, মারামারি ও স্কুল-কলেজের ছাত্রীদের ইভটিজিংয়ের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত