ঢাকা-১৮ উপনির্বাচন

ঢাকা উত্তর বিএনপির প্রস্তুতি বৈঠক

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০২:৩৭ এএম

আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ধারাবাহিক বৈঠক করছেন এ আসনের নির্বাচন পরিচালনার জন্য বিএনপি গঠিত কমিটির প্রধান সমন্বয়কারী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আমানউল্লাহ আমান। গতকাল সোমবার বিকেলে উত্তরায় বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের বাসভবনে প্রচারণার প্রস্তুতি ও কর্মকৌশল নির্ধারণের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হয়। বৈঠকে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উত্তর বিএনপি নেতারা যেকোনো ত্যাগ স্বীকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রার্থীর পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আমান উল্লাহ আমান বলেন, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে জনগণের ভোটাধিকার নিয়ে কোনো টালবাহানা বা কারচুপি হলে এখান থেকেই শুরু হবে নব্য স্বৈরাচারের পতনের আন্দোলন। আওয়ামী লীগ গোটা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে যেভাবে কলুষিত ও কলঙ্কিত করেছে ঢাকা-১৮ আসন থেকে শুরু হবে তা পুনরুদ্ধার করার আন্দোলন। এ নির্বাচনে মানুষের ভোটাধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত