ডিএসসিসি

৯ কোটি ৬৩ লাখ টাকা বকেয়া পরিশোধ গ্রামীণফোনের

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০২:৩৮ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মোবাইল টাওয়ার ব্যবহার বাবদ ৯ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৩৮৫ টাকা বকেয়া অর্থ পরিশোধ করল মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন। গত রবিবার সকালে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে গ্রামীণফোনের কর্মকর্তারা এ বকেয়া পরিশোধের চেক হস্তান্তর করেন। ২০১৩-১৪ অর্থবছর হতে ২০১৯-২০ অর্থবছরের বকেয়া বাবদ গ্রামীণফোন কর্তৃপক্ষ এ অর্থমূল্যের চেক হস্তান্তর করে।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ‘আইন ও তফসিল অনুযায়ী করপোরেশন মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে অর্থ প্রাপ্য হলেও এ বিষয়ে উদ্যোগের অভাবে করপোরেশন এ খাত হতে কখনো অর্থ আদায় করতে পারেনি। কিন্তু আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করি এবং সব মোবাইল ফোন অপারেটরকে করপোরেশন এলাকায় ব্যবহৃত টাওয়ারের তথ্য-উপাত্ত চেয়ে চিঠি দিই। এরই আলোকে গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের টাওয়ারগুলোর সার্বিক বিবরণসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য-উপাত্ত সরবরাহ করে এবং আমাদের সঙ্গে কয়েক দফা বৈঠকের মাধ্যমে গত সাত বছরের সমুদয় বকেয়া বাবদ ৯ কোটি ৬৩ লাখের মতো অর্থ পরিশোধ করে।’

চেক হস্তান্তর অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, গ্রামীণফোনের স্টেট এজেন্সি অ্যাঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের পরিচালক এসএম রায়হান রশিদ, টাওয়ার ইনফ্রা অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফিরোজ উদ্দীন এবং ট্যাক্সেশন অ্যান্ড ফিসক্যাল কমপ্লায়েন্স বিভাগের প্রধান ও পরিচালক মো. আরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত