‘পারিবারিক কলহের জের’

ঘরে পেট্রোল ঢেলে আগুন নারীর মৃত্যু, দগ্ধ ৪

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০২:৪৫ এএম

নোয়াখালীতে ‘পারিবারিক কলহের জেরে’ ঘরে দেওয়া আগুনে আসমা বেগম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও চারজন। গতকাল সোমবার সকালে সদর উপজেলার রামহরিতালুক গ্রামে এ ঘটনা ঘটে। আসমা ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

দগ্ধরা হলেন আসমার সৎ ছেলে ‘অগ্নিসংযোগকারী’ কামাল উদ্দিন (৩২), প্রতিবেশী তারেক (২২), সুমন (৩০) ও মান্না (২২)। কামাল ও তারেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর সুমন ও মান্না নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রামহরিতালুক গ্রামের ইসমাইল প্রথম স্ত্রীর মৃত্যুর পর আসমাকে বিয়ে করেন। আসমার সঙ্গে ইসমাইলের প্রথম স্ত্রীর ছেলেমেয়ের বনিবনা না হওয়ায় কিছুদিন আগে তারা বাড়ি ছেড়ে চলে যান। গতকাল সকালে বড় ছেলে কামাল বাড়িতে গেলে আসমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন কামাল। এ সময় কামালসহ কক্ষে থাকা আসমা ও উদ্ধার করতে আসা তিন প্রতিবেশী দগ্ধ হন। প্রথমে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য আসমা, কামাল ও তারেককে ঢাকায় পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান আসমা।

পারিবারিক কলহের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানিয়ে সুধারাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে আসমা বেগমের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় অগ্নিসংযোগকারী কামালের শ্যালক শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত