শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে শুক্রবার প্রদর্শিত হচ্ছে পালাকারের নাটক ‘উজানে মৃত্যু’। এর মধ্য দিয়ে শিল্পকলা প্রাঙ্গণ করোনার নিউ নরমাল পরিস্থিতিতে উন্মুক্ত হচ্ছে।
গত ১৮ মার্চ থেকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ ঘোষণা করে। সম্মিলিত সাংস্কৃতিক জোটও সব কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানান।
শুক্রবার সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা থেকে ‘উজানে মৃত্যু’ নির্দেশনা দেবেন শামীম সাগর।
এ প্রসঙ্গে নির্দেশক বলেন, ফের নাটক শুরু হচ্ছে, বিষয়টি নাট্যদল পালাকারের জন্য গর্বের ও আনন্দের। গত সাত মাসে মানুষ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে। পালাকার মনে করে থিয়েটারের মতন কর্মকাণ্ড মানুষের মানসিক প্রশান্তি এনে দিতে সক্ষম এবং ট্রমাগ্রস্ততা থেকে বের করে আনতেও সাহায্য করে।
আরও বলেন, বর্তমানের নিউ নরমাল জীবনে মানুষ যত বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে ততই মানসিক সুস্থতা বাড়তে থাকবে। যখন প্রতিটা ক্ষেত্রেই মানুষজন স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে সেখানে সাংস্কৃতিক অঙ্গন কেন বন্ধ থাকবে। সেদিক থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
জানা গেছে, সরকারের স্বাস্থ্যবিধির সঙ্গে সমন্বয় করে প্রাথমিক পর্যায়ে সপ্তাহে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে মিলনায়তনের বরাদ্দ দেওয়া হবে। দর্শকের বসার জন্য এক-তৃতীয়াংশ আসন ব্যবহার করা যাবে।
