সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ পালালেও এসআই আকবরকে ফিরিয়ে আনা হবে

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৪:০৮ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সিলেটে ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের এসআই আকবর হোসেন ভূঁইয়া বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়ায় রায়হানের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস আকবর এখনো দেশের বাইরে যায়নি। কারণ সীমান্তগুলোকে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছি। যদি পালিয়েও যায় তাকে ফিরিয়ে আনা হবে।’

আবদুল মোমেন বলেন, ‘এর আগে সিলেটের রাজন হত্যার আসামিকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছিল।’ এর আগে মন্ত্রী রায়হানের পরিবারের খোঁজখবর নেন। ওই সময় তিনি রায়হানের মাকে বিচারের আশ্বস্ত করে বলেন, ‘আপনার ছেলের হত্যার বিচারে পুলিশ-র‌্যাব সবাই কাজ করছে। আপনি নিশ্চিন্ত থাকেন আপনার ছেলে হত্যার বিচার হবে। আপনি ঠিক বিচার পাবেন।’

এ সময় রায়হানের আড়াই মাসের মেয়ে আলফাকে ২ লাখ টাকা উপহার দেওয়া হয়। ‘মোমেন ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এ নগদ উপহার প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট আখালিয়া এলাকার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূইয়াসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয়েছে তিন পুলিশ সদস্যকে। মামলাটি তদন্ত করছে পিবিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত