সুবর্ণচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৯:২৭ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে পশ্চিম চরজব্বার গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন বুধবার দুপুর ১টার দিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুদের লাশ উদ্ধার করে। মৃত শিশুরা হলেন, ওই গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে সুইটি আক্তার স্মৃতি (৪)  ও গিয়াস উদ্দিনের মেয়ে ফারজানা আক্তার (৫) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশাপাশি বাড়ি হওয়ায় প্রতিদিন স্মৃতি ও ফারজানা একই সঙ্গে খেলাধুলা করত। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে স্মৃতিদের বাড়িতে আসে ফারজানা। পরে তারা দুজন পুকুর পাড়ের একটি জায়গায় বসে খেলাধুলা করছিল। দুপুর ১টার দিকে বাড়ির লোকজন স্মৃতি ও ফারজানাকে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন চৌধুরী পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত