নেপাল ম্যাচে জয়ের সঙ্গে অন্য অনেক ভাবনা জেমির

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১১:৫৬ পিএম

করোনা বিরতি কাটিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে শুরু করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে ফিরেছেন। যদিও সেটা নিজেদের মধ্যে ভাগ হয়ে। ফুটবলারদের ফেরাটা হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ দিয়েই।

নভেম্বরে নেপালের বিপক্ষে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জয়ের সঙ্গে যে ম্যাচ দুটিকে ঘিরে অন্য অনেক ভাবনাও কাজ করছে বাংলাদেশ কোচ জেমি ডের মনে।

নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার অনলাইন সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাফুফে। যেখানে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ছাড়াও ইংল্যান্ড থেকে যোগ দেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।

এ সময় নেপাল ম্যাচ নিয়ে জেমি বলেন, ‘নেপালের বিপক্ষে আমরা জিততে চাই। কিন্তু বাংলাদেশে ফুটবল ফেরা এবং খেলায় ফেরা গুরুত্বপূর্ণ। সামনের অনেক ম্যাচ ও প্রতিযোগিতা থাকবে। খুবই ব্যস্ত বছরের জন্য প্রস্তুতি শুরুর জন্য এটা ভালো সময়।’

প্রীতি ম্যাচ দুটি সামনে রেখে শুক্রবার ক্যাম্পে যোগ দেবেন খেলোয়াড়রা। নিজেদের ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা করিয়ে হোটেল সোনারগাঁওয়ের ক্যাম্পে উঠবেন তারা। মোট তিনবার করোনা পরীক্ষা হবে সবার।

নিজেদের ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা করিয়ে ক্যাম্পে ওঠার পর বাফুফের উদ্যোগে একবার পরীক্ষা হবে। আর ম্যাচের ৭২ ঘণ্টা আগে হবে আরেক দফা পরীক্ষা। নেপালের জন্যও একই নিয়ম অনুসরণ করা হবে।

নেপাল দল ঢাকায় আসার পর তাদের কোয়ারেন্টাইন পর্ব কীভাবে হবে সেটি জানা যাবে ২৫ অক্টোবর। এদিন আন্তমন্ত্রণালয় সভায় ঠিক হবে বিষয়টি। ৫ অথবা ৭ নভেম্বর ঢাকায় আসার কথা জানিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ দল অনুশীলন করবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়ামে। অন্যদিকে নেপাল দল অনুশীলন করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ ও কমলাপুর স্টেডিয়ামে।

ইংল্যান্ডে থাকা বাংলাদেশ কোচ জেমি ডে ২৯ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। একই দিন অধিনায়ক জামাল ভূঁইয়াকেও পাওয়ার আশা করছে বাফুফে। যিনি ডেনমার্কে পরিবারের সঙ্গে রয়েছেন। আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজী এর একদিন আগে ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৭ নভেম্বর। ভেন্যু-বঙ্গবন্ধু স্টেডিয়াম।

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত জানুয়ারিতে, ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে বুরুন্ডির বিপক্ষে। এরপর মার্চে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত