তিন যুবা পজিটিভ

বন্ধ করা হলো অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০১:৪৯ এএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেই সেপ্টেম্বর থেকে মাঠে। বড় দলকে ছোট করে ১৫ জনের করা হয়েছিল। বিকেএসপিতে চলছিল তাদের ক্যাম্প। কিন্তু দলের তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেই ক্যাম্প ৭ দিন আগেই বন্ধ করে দিতে হলো।

দলের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত বলে বাকিদেরও পাঠানো হয়েছে আইসোলেশনে। আসলে শুধু তিন ক্রিকেটারের করোনা পজিটিভ হলেও কভিড-১৯ এর উপসর্গ আছে দলের কোচিং-সাপোর্ট স্টাফদের কারও কারও। বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার জানিয়েছেন, ‘নভেম্বরের এশিয়া কাপ স্থগিত হওয়ায় এখন ক্যাম্প চালু রাখছি না।’ পরিস্থিতি অনুকূলে এলে আবার ক্যাম্প শুরু হবে। সেজন্য নির্ধারণ করা হয়েছে আপাতত ১০ নভেম্বরকে।

করোনার কারণে অনূর্ধ্ব-১৯ দলের কাছাকাছি সময়ে কোনো সিরিজ বা টুর্নামেন্ট নেই। তাই খুব তাড়াও নেই। এখন খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অবস্থা শেষে কী দাঁড়ায় সেটা দেখবে মেডিকেল টিম। প্রসঙ্গত, বিকেএসপিতে আবাসিক ক্যাম্প চলছিল। প্রধান কোচ লঙ্কান নাভিদ নেওয়াজ ঢাকায় নিজ ঠিকানায় আইসোলেশনে আছেন। বাকিদের মিরপুর সুইমিং কমপ্লেক্সে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত