প্লাস্টিক ব্যাগ ব্যবহারের দণ্ড ৪২ হাজার টাকা

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০২:১০ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পর এবার নিউ ইয়র্কে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক ব্যাগ। গত মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নতুন আইনে কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে ৫০০ ডলার জরিমানা করা হবে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক রাজ্যের পার্লামেন্টের উভয় কক্ষে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধের বিল পাস হয়েছিল গত বছরই। কিন্তু করোনাভাইরাসের কারণে এতদিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরিবেশ সুরক্ষার এই বিধি পুরোপুরি কার্যকর করতে রাজ্য ও নগর প্রশাসন মাঠে থাকবে।

পরিবেশ বিজ্ঞানী ও পরিবেশ সুরক্ষা নিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন, নিউ ইয়র্ক রাজ্যে প্রতি বছর গড়ে ২ হাজার ৩০০ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার হয়েছে। এর ৮৫ শতাংশ ফেলে দেওয়া হয় যত্রতত্র। এগুলো রিসাইক্লিং মেশিনেও ধ্বংস হয় না বা পচেও যায় না। রাস্তা-ঘাট, নালা-নর্দমায় জমে থাকে।

যুক্তরাষ্ট্রে প্রথম প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হয় ক্যালিফোর্নিয়ায়। নিউ ইয়র্ক হলো দ্বিতীয় রাজ্য। ভারমন্ট এবং কেন্টাকিসহ ৬টি রাজ্যে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ বিল পাস হলেও তা এখনো আইনে পরিণত হতে পারেনি মামলার কারণে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, নিউ ইয়র্কে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হলেও আপাতত রেস্তোরাঁগুলোতে মাছ-মাংস প্রক্রিয়াজাতকরণে এই ব্যাগ ব্যবহারের অনুমতি থাকছে। একইভাবে রেস্তোরাঁ থেকে খাবার বাসায় নেওয়ার জন্যও প্লাস্টিক ব্যাগের ব্যবহার আপাতত চলবে।

মুদির দোকানের জিনিস যারা কিনবেন তাদেরকে কাপড়ের অথবা কাগজের ব্যাগ সঙ্গে রাখতে হবে। ভারী নয় এমন জিনিস বহনের জন্য দোকানে কাগজের ব্যাগ বিক্রি হবে ৫ সেন্ট করে।

তবে যারা ফুডস্ট্যাম্প ব্যবহার করবেন তাদেরকে ফ্রি দেওয়া হবে একবার ব্যবহারযোগ্য এই কাগজের ব্যাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত