ভাষাসৈনিক ও বিএনপি নেতা নূরুল ইসলাম মারা গেছেন

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০২:১৪ এএম

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য এম নূরুল ইসলাম দাদু ভাই (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার সকাল ৮টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই নেতা বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

খুলনা মহানগর বিএনপির  সহ-দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল জানান, বুধবার ভোরে হঠাৎ করে এম নূরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার দুপুর ১২টায় মরহুম এম নূরুল ইসলামের মরদেহ নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে খুলনা মহানগর ও জেলা বিএনপি, বিভিন্ন থানা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বাদ আসর খুলনা সার্কিট হাউজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কেসিসির মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অমিত ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক কুদরত-ই আমীর এজাজ খান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে মরহুমের লাশ নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত