ভৈরব বিসিক শিল্পনগরী

কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্নের নির্দেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১২:১৮ এএম

ভৈরব বিসিক শিল্পনগরী প্রকল্পের নির্মাণকাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

গতকাল ২০২০-২১ অর্থবছর শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি। বলেন, ভৈরবে পাদুকা শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজধানী থেকে পাদুকা শিল্পসংশ্লিষ্ট অনেক কারিগর ও শ্রমিক ভৈরবে জুতা কারখানা স্থাপন করেছেন। পাদুকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভৈরব শিল্পনগরী প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং এতে পাদুকা শিল্প উদ্যোক্তাদের চাহিদা মাফিক প্লট বরাদ্দ দিতে বিসিককে নির্দেশনা  দেন শিল্পমন্ত্রী। তিনি আরও বলেন, সরকারের ব্যয় সাশ্রয়ে বিভিন্ন কারখানায় যন্ত্রাংশ বারবার মেরামতের বদলে নতুন মেশিনারি প্রতিস্থাপন করতে হবে। মুক্তবাজার অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর টিকে থাকার সক্ষমতা বাড়াতে আধুনিকায়ন ও পণ্য বৈচিত্র্যকরণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।

প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, চিনি আমদানি করে  সেগুলো পরিশোধনের মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চিনিকলগুলোতে সারা বছর উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা হবে। তিনি চিনিকলগুলোর খালি জমিকে উৎপাদনশীল কাজে লাগানোর একটি পরিকল্পনা উপস্থাপনের জন্য বিএসএফআইসির চেয়ারম্যানকে নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত