বিএনপি সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাজীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার মতপ্রকাশের স্বাধীনতা স্তব্ধ করার আরও একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল। আগামী দিনে আওয়ামী লীগের ফ্যাসিবাদের চেহারা কী বীভৎস রূপ ধারণ করবে, তারই বহিঃপ্রকাশ এটা। গতকাল বৃহস্পতিবার বিএনপির দপ্তরের সাময়িক দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কথায় কথায় ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে সরকার দেশে প্রতিহিংসার রাজনীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে। রুহুল আমিন গাজীকে রাষ্ট্রদ্রোহের বানোয়াট মামলায় গ্রেপ্তারের মাধ্যমে সরকারের সমালোচক, প্রতিবাদী কলামিস্ট, বিবেকবান লেখক-বুদ্ধিজীবীদের বর্তমান ফ্যাসিস্ট সরকার এক অশুভ বার্তা জানান দিল।
তিনি বলেন, সরকার শুধু বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদেরই নয়, ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে টার্গেট করেছে। সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জনসমর্থনহীন এই সরকার হিতাহিত-বিবেচনাহীন। অন্তঃহীন ক্ষমতালিপ্সার জন্য এরা প্রতিবাদী সাংবাদিকদের মুখ বন্ধ করতে বেপরোয়া হয়ে উঠেছে। তাই প্রতিবাদী সাংবাদিক, নির্ভীক লেখক ও অকুতোভয় গণতন্ত্রকামী বরেণ্য সাংবাদিকদের মিথ্যা মামলায় গ্রেপ্তারের খেলায় মাতোয়ারা হয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, সরকার গণভিত্তি হারিয়ে কোনো রকমে ক্ষমতায় টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যারা জাতির বিবেক, তাদের ওপর মরণকামড় দিতে শুরু করেছে। অবিলম্বে গাজীর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মনগড়া মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব।
গত বুধবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আলাদা দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হাতিরঝিল থানা পুলিশ সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
