নায়িকাদের ‘অশালীন’ ছবি পোস্ট করায় বয়কটের ডাক

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১১:২৭ এএম

যদিও ছবিগুলো বিভিন্ন সিনেমার দৃশ্য। তারপরও ক্ষমা চাইতে বাধ্য হলো ভারতীয় বিনোদন ও অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম ‘ইরোস নাউ’।

নবরাত্রি উপলক্ষে তাদের টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ও ক্যাপশন ঘিরেই নিন্দার ঝড়। ইরোস নাউ-কে বর্জনের ডাক উঠেছে টুইটারে।

শনিবার থেকে শুরু হয়েছে নবরাত্রি। সেই উপলক্ষে অভিনেতা-অভিনেত্রীদের ছবি ও সিনেমার দৃশ্যের ভিডিও পোস্ট করেছে তারা। সেখানে রয়েছে ২০১৫ সালের ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দীপিকা পাড়ুকোন। ২০১৩ সালের ‘রামলীলা’ ছবির গরবা নাচের দৃশ্যের ভিডিও রয়েছে সেখানে।

তাদের পোস্টে কারিনা কাপুর হাজির ২০১১ সালের ‘রা ওয়ান’ ছবির ‘ছম্মক ছল্লো’ অবতারে। ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’ ছবির দৃশ্যও দেখা যায়। আরও অনেক বলিউড অভিনেত্রীদের ছবি বা সিনেমার দৃশ্যের মাধ্যমে নবরাত্রি শুভেচ্ছা জানিয়েছে তারা।

তবে অনলাইন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ ক্যাটরিনা কাইফের একটি ছবি নিয়ে। যেখানে অভিনেত্রীর পিঠ উন্মুক্ত ছিল।

কারো কারো মতে, ক্যাটরিনার ওই  ছবি শালীনতার মাত্রা ছাড়িয়েছে। এই ধরনের ছবির মাধ্যমে নবরাত্রির শুভেচ্ছা আসলে ‘হিন্দু ধর্মের অপমান’। ক্যাটরিনা ছাড়াও আরও বেশি কয়েকটি ছবি নিয়ে আপত্তি তুলেছেন ধর্ম নিয়ে সংবেদনশীল ব্যক্তিরা।

অনেকে বলছেন, ‘হিন্দুধর্ম ও তার গৌরবময় উৎসবকে পরিহাস করা হয়েছে।’ আরেক দল সরাসরি হুমকি দিয়ে বলেছে, ‘আমরা হিন্দুবিরোধী এই প্রচার সহ্য করব না।’

কেউ কেউ আবার ঈদের পোস্টের সঙ্গে নবরাত্রির পোস্টের পার্থক্যের তুলনা করে ইরোস নাউ-কে বর্জন করতে আহ্বান জানিয়েছেন।

তবে ‘বয়কট ইরোস নাউ’ ট্রেন্ডিং হতে শুরু করে বিজেপির হরিয়ানা আইটি সেলের প্রধান অরুণ যাদবের পোস্টের পর থেকে। দুটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বয়কটের ডাক দেন তিনি। তার পরই তা দাবানলের মতো ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

পরিস্থিতি বেগতিক দেখে বিবৃতি দিয়েছে ইরোস নাউ কর্তৃপক্ষ। ভারতের সংস্কৃতির উপর নিজেদের শ্রদ্ধার কথা ব্যক্ত করেছেন তারা। কারো ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায় ছিল না বলে ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। প্রত্যাহার করা হয় বিতর্কিত পোস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত