মুখস্থ করার ৫ ধাপ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১১:২২ পিএম

পড়াশোনার একটি বিরক্তিকর দিক মুখস্থ করা। মুখস্থ করার সঙ্গে মেধাবী হওয়ার তেমন সম্পর্ক নেই। সঠিক কৌশল অবলম্বন করলে যে কেউ যেকোনো বিষয় আয়ত্ত ও মুখস্থ করতে পারে। সহজে মুখস্থ করার পাঁচ ধাপের কথা জানিয়েছেন শাহেদ তামিম

 পড়ার বিষয়বস্তুর ওপর জোর দিতে হবে। তুমি কতক্ষণ পড়ছো, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কতটুকু মনোযোগ দিয়ে পড়ছো। পড়ার মাঝখানে যেন অন্যদিকে মনোযোগ চলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যে অংশটুকু মুখস্থ করবে, তা প্রথমে বুঝে বুঝে কয়েকবার পড়ে নাও। তারপর মুখস্থ করার প্রতি মনোযোগী হও।

 লাইন বাই লাইন কয়েকবার পড়া হলে দুর্বোধ্য বাক্যগুলো চিহ্নিত করে আন্ডারলাইন করে নাও। টপিকে কটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মূল কথা আছে, তা তোমাকে বের করতে হবে।

 গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবার নিজের মতো করে বিন্যস্ত করো এবং সাংকেতিকভাবে খাতায় টুকে নাও। যেন দেখলেই বুঝতে পারো, কোন পয়েন্টটি আগে এবং কোন পয়েন্টটি পরে। এবার সবগুলো পয়েন্টের মাধ্যমে খুব সহজেই সম্পূর্ণ অনুচ্ছেদটিকে মাথায় গেঁথে নিতে পারো।

 পড়ালেখাকে খেলায় রূপ দেওয়া গেলে তা আনন্দময় হয়ে ওঠে। ওপরের তিনটি ধাপ বাস্তবায়নে আমরা মুখস্থ করার প্রক্রিয়াকে একটি খেলার মধ্যে নিয়ে আসতে পারি। মুখস্থ করাকে একটি খেলা মনে করতে হবে এবং খেলা শেষে পুরস্কারের ব্যবস্থা থাকবে। যেমন অমুক টপিকটি মুখস্থ হলে মুভি দেখব কিংবা বন্ধুদের সঙ্গে দেখা করব ইত্যাদি। নিজের ভেতর একটু সংকল্প আনতে পারলে সম্পূর্ণ ব্যাপারটি খেলার মতোই মনে হবে। মুখস্থ করার কাজটিও সেই ফাঁকে হয়ে যাবে।

 তোমার মনোযোগের সময়টি আবিষ্কার করতে হবে। যখন তুমি বেশি মনোযোগসহ পড়তে পারো, তখনই মুখস্থ করার কাজটি করবে। ভোরের হিমেল হাওয়ায় মস্তিষ্ক বেশ পরিষ্কার ও ফুরফুরে থাকে। মুখস্থ করার জন্য পরিষ্কার মস্তিষ্কের দরকার। তাই এ সময়টায় মুখস্থ করতে পারো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত