বিয়ে করলেন ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। বর রোহন প্রীত। পরনে পিচরঙা লেহেঙ্গা। টুকটুক করে পাগড়ি পরা বরের পেছনে হেঁটে চলেছেন। তিনিও মানানসই শেরওয়ানি পরেছেন। গোলাপি রঙের গাঁটে বাঁধা দু’জনে। মনেও যেন গোলাপি রং লেগেছে। এভাবেই প্রেমিক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে সারলেন নেহা। নিজে এখনো ইনস্টাগ্রামে বিয়ের ছবি বা ভিডিও আপলোড করেননি। কিন্তু প্রযুক্তির বিপ্লবে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়েই পড়েছে। পেয়েছে ভাইরাল তকমা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘নেহু দা বিয়া’।
অক্টোবরের শুরুতেই গুঞ্জন শোনা যায়, রিয়্যালিটি শোয়ের তারকা রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলিউড গায়িকা নেহা। সেই গুঞ্জন সত্যিই করে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে পোস্ট দেন। জানা যায়, করোনা কালে দিল্লিতে বসছে বিয়ের আসর। পরিবর্তিত পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির তেমন কাউকে আমন্ত্রণ না জানালেও বিয়ের অনুষ্ঠানে কোনও খামতি রাখছেন না নেহা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে রোকা ও গায়েহলুদের ভিডিও।
এরই মধ্যে আমার নেহার ‘ইন্ডিয়ান আইডল’-এর সহকর্মী আদিত্য নারায়ণ এক ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করেন, তিনি নেহার বিয়ের নিমন্ত্রণ পাননি। মাত্র এক মাসের মধ্যে নেহা কীভাবে রোহনপ্রীতকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সেই সন্দেহের নিরসন অবশ্য শনিবার হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, আদিত্য নিজেও ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালকে বিয়ে করছেন। সূত্রের খবর, ২৬ অক্টোবর দিল্লিতে রিসেপশন পার্টি সারবেন নেহা।
