নিতিশ রানার সঙ্গে সুনিল নারিনের প্রত্যাবর্তন ইনিংসে ভর করে দিল্লি ক্যাপিটালসকে রানের বোঝা চাপিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটসম্যানদের গড়ে দেওয়া মঞ্চে এরপর ছড়ি ঘোরালেন বোলাররাও। তাতে এক রকম কুপোকাত আসরের শুরু থেকেই দারুণ খেলে চলা দিল্লি ক্যাপিটালস।
আইপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে ৫৯ রানের বড় জয় তুলে নেয় কলকাতা।
১৯৫ রান তাড়া তরতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান তুলতে সমর্থ হয় দিল্লি। বরুণ চক্রবর্তী শিকার করেন ৫ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন প্যাট কামিন্স। এক উইকেট ফার্গুসনের দখলে। দিল্লির পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৪ রান করে কলকাতা। যদিও দলটির শুরুটা ছিল হতাশার। মাত্র ৪২ রানে ৩ উইকেট খুঁইয়ে দিল্লির বিপক্ষেও এদিন বেকায়দায় পড়ে যায় কলকাতার ব্যাটিং লাইনআপ। ৯ রানে ফেরেন ওপেনার শুভমন গিল। ১৩ এবং ৩ রানে ফেরেন যথাক্রমে রাহুল ত্রিপাঠী এবং দিনেশ কার্তিক।
এরপর শেখ জায়েদ স্টেডিয়ামে হঠাৎ-ই মরুঝড়। চতুর্থ উইকেটে মাত্র ৯.২ ওভারে নিতিশ রানা এবং নারিনের জুটিতে ওঠে ১১৫ রান। মূলত এই জুটিতে ভর করেই লিগ টেবিলে দ্বিতীয়স্থানে থাকা দিল্লির বিপক্ষে লড়াইয়ের ভিত পায় নাইটরা।
শক্তিশালী দিল্লি বোলিং লাইনআপকে সাধারণ নামে নামিয়ে এনে ৩২ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারিন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছয়। নিতিশ রানা ১৩টি চার এবং ১টি ছক্কায় ৫৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন।
শেষদিকে নেমে ৯ বলে ১৭ রান করেন অধিনায়ক ওয়েন মরগান। মূলত নারিন এবং রানার ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে দিল্লিকে ১৯৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় কলকাতা। তবে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরুণ।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগোল কলকাতা। টেবিলে আপাতত চতুর্থ স্থানে তারা। আর হারের ফলে দ্বিতীয় স্থানে নেমে এসেছে দিল্লি। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট তাদের।
