একসঙ্গে কাজ করবে বিশ্বব্যাংক-ব্র্যাক

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১২:২৩ এএম

২০৩০ সাল নাগাদ দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০ শতাংশ কমানোর জন্য কাজ করবে বিশ্বব্যাংক। এর পাশাপাশি সহযোগিতার অংশ হিসেবে যশোর-ঝিনাইদহ করিডোর বরাবর ৪৮ কিলোমিটার একটি সড়ক নিরাপত্তা সচেতনতা সৃষ্টির লক্ষ্যেও কাজ করবে সংস্থাটি। বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে সহযোগিতা করার জন্য বিশ্বব্যাংক ও ব্র্যাক এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। গতকাল একটি অনলাইন ইভেন্টে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমটি উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও অংশ নেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানডেন চ্যান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

ইভেন্টের শিরোনাম ছিল ‘সড়ক নিরাপত্তা সহযোগিতা : ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০ শতাংশ হ্রাস’। গণপরিবহনে নারীদের সুরক্ষার উন্নয়নে এবং নারীচালকসহ চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর জন্য ব্র্যাক এবং বিশ্বব্যাংক অংশীদার হবে। উল্লেখ্য, ব্যাক ড্রাইভিং স্কুলের উদ্যোগে ‘উইমেন বিহাইন্ড দ্য হুইলস’র মাধ্যমে এ পর্যন্ত ২১৪ জন নারী পেশাদার চালক হিসেবে প্রশিক্ষণ পেয়েছেন। বিশ্বে প্রতি বছর সাড়ে ১৩ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। বাংলাদেশে ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। এখানে দুর্ঘটনায় আক্রান্তদের ৬৭ শতাংশই ১৫ থেকে ৪৯ বছর বয়সী। 

সভায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনতে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পদক্ষেপ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত