কোহলি উইলিয়ামসন স্মিথই এগিয়ে : রুট

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১২:৩৭ এএম

একটা সময় বিশ্বের সেরা চার ব্যাটসম্যানের ছোট্ট গ্রুপে জো রুটও ছিলেন। তখন সংশয় ছিল সামান্যই। কোহলি, স্মিথ, উইলিয়ামসন ও রুটকে পাশাপাশি রেখেই অনায়াসে বলা হতো ‘বিগ ফোর’। কিন্তু সময়ের স্রোতে এখন রুট পিছিয়ে পড়েছেন। গত বছর দুয়েকে রুটের টেস্ট পারফরম্যান্স পড়তির দিকে থাকায় গড়ে উঠেছে ব্যবধান। রুট নিজেও মনে করেন, বাকি তিনজনই তার চেয়ে সেরা। অনেকেই এখন রুটের জায়গায় পাকিস্তানের বাবর আজমকে রাখেন বিগ ফোরের তালিকায়।

দ্য অ্যানালিস্টস ভার্চুয়াল ক্রিকেট ক্লাবে এক আলোচনায় উঠে এলো সেই প্রসঙ্গ। রুট তুলে ধরলেন সমসাময়িক সেরাদের নিয়ে তার ভাবনা। স্মিথ-কোহলি-উইলিয়ামসনের মধ্যে বিরাট কোহলিকে সবার আগে রাখলেন রুট। তাকেই অলরাউন্ড ক্রিকেটার বললেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক, ‘অন্যদের সঙ্গে আমি নিজেকে তুলনা করি না। আমি ওদের খেলা দেখি, খুব ফলো করি। আমি ছাড়া বাকি তিনজন এখন খেলাটির সেরার মধ্যে আছেন। দেখার ও শেখার জন্য তারা তিনজনই অসাধারণ। এই তিনজনের মধ্যে সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান বিরাট (কোহলি)। সীমিত ওভারের ক্রিকেটে তার রান তাড়ার দক্ষতা, পাশাপাশি যতটা নিয়মিত সে এটা করে আসছে এবং অপরাজিত থেকে কাজ শেষ করে আসছে, এটা অসাধারণ। অলরাউন্ড ব্যাটসম্যান সে, পেস বা স্পিনের কোনো একটিতে একটু দুর্বল বলার উপায় নেই।’

কেন উইলিয়ামসনের ঠান্ডা মাথার প্রশংসা করে রুট বলেন, ‘কেনকে (উইলিয়ামসন) দেখি, কতটা দেরিতে খেলে, কতটা স্থির ও শুদ্ধ সে। চাপের মধ্যেও যেকোনো উইকেটে সে কীভাবে নিজের ডিফেন্সে আস্থা রাখার পথ খুঁজে পায়। অসাধারণ গুণ এটি।’

রুটের চোখে স্মিথের বিশেষত্ব তার কার্যকারিতা ও রানক্ষুধা, ‘স্মিথের ব্যাটিং দেখতে কখনো কখনো চরম বাজে। চোখের জন্য সুখকর নয়। কিন্তু যেকোনো মূল্যে তাকে দলে পেতে চাইবে যেকেউ। দুর্দান্ত রান স্কোরার সে। যেভাবে সে খেলাটা নিয়ে ভাবে এবং ম্যাচের বিভিন্ন পর্যায় সামলে নেয়, তা দারুণ। সব সময়ই প্রতিপক্ষের ওপর দাপট দেখানোর পথ বের করার চেষ্টা করে সে। বড় ইনিংস, অনেক বড় রানের জন্য তার ক্ষুধা প্রচণ্ড।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত