মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে আজ রবিবার পদ্মা সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের ওপর বসতে যাচ্ছে ৩৪তম স্প্যান। টু-এ নামে এই স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান হবে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই স্প্যানটি নিয়ে রওনা হয়। এক ঘণ্টার ব্যবধানে নির্ধারিত পিলারের কাছে স্প্যান নিয়ে ভাসমান ওই ক্রেন পৌঁছে যায়। আবহাওয়া অনুকূলে না থাকায় এ দিন স্প্যানটি বসানো হয়নি। তবে আজ স্প্যানটি বসানো হবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। তিনি জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বিকেলে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যান বহন করে রওনা দিয়েছে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। সব ঠিক থাকলে আজ রবিবার স্প্যানটি পিলারের ওপর বসানো হতে পারে।
×
