যুক্তরাষ্ট্রে এক দিনেই ৮৩ হাজারের বেশি রোগী

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০২:২০ এএম

যুক্তরাষ্ট্রে এক দিনেই ৮৩ হাজারের বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত শুক্রবারের এ রেকর্ড দৈনিক শনাক্ত নিয়ে দেশটিতে সরকারি হিসাবেই করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ছাড়িয়েছে। এদিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাওয়া ইউরোপের দেশ ফ্রান্সে শনাক্ত কভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের সপ্তম দেশ হিসেবে ফ্রান্স এ উদ্বেগজনক মাইলফলক অতিক্রম করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোগীর সংখ্যা বাড়তে থাকায় সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তির পরিমাণ বাড়বে বলে সতর্ক করেছেন মার্কিন সার্জন জেনারেল জেরোম অ্যাডামস। তার ধারণা, হাসপাতালে রোগীর চাপ বাড়লেও এবার মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেক কম হবে।

সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে উত্তর গোলার্ধের দেশগুলোকে সাবধান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেছেন, সামনের কয়েকটি মাস খুবই কঠিন হতে যাচ্ছে, কিছু কিছু দেশ বিপজ্জনক পথে রয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সব রাজ্যের স্বাস্থ্য কর্র্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে কভিড ট্র্যাকিং প্রজেক্ট ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ৮৩ হাজার ১০ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে।

একই প্রতিষ্ঠানের হিসাবে ১৭ জুলাই যুক্তরাষ্ট্রে ৭৬ হাজার ৮৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। শুক্রবার তার চেয়েও ৬ হাজার বেশি রোগী মিলল।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন ৪ লাখ ৪১ হাজার ৫৪১ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে জুলাইয়ের পর আর কোনো সপ্তাহে এর চেয়ে বেশি রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে এখন সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। ওহাইও, নর্থ ডাকোটা, মন্টানা ও উইসকনসিনে শনাক্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে।

দৈনিক শনাক্তে নতুন রেকর্ড কিংবা রেকর্ডের কাছাকাছি রোগী মিলছে ইলিনয়, ইন্ডিয়ানার মতো কয়েকটি রাজ্যেও।

দক্ষিণ-পশ্চিমের রাজ্যগুলোর মধ্যে উটাহ এক দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত করেছে। রাজ্যটির ২১টি এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে সংক্রমণ কমাতে ফ্রান্সের সরকার দেশটির দুই-তৃতীয়াংশ এলাকায় রাতের কারফিউও জারি করেছে। এরপরও দৈনিক শনাক্তে লাগাম টানা না গেলে বিধিনিষেধ আরও কঠোর করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার তিনি বলেছেন, দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৩ থেকে ৫ হাজারের মধ্যে নামিয়ে আনার পর কারফিউ শিথিল করা হবে। অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত এই ভাইরাসকে নিয়েই বেঁচে থাকতে হবে আমাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত