অসুরের বিরুদ্ধে লড়াই করতে হবে : ফখরুল

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০২:২৩ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেবী দুর্গা আবির্ভূত হয়েছিলেন পৃথিবী থেকে অসুরকে পরাজিত করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অসত্যকে দূর করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এখনো সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই অসত্যের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে আমাদেরকে ন্যায় ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে। গতকাল শনিবার বিকেলে পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। আমরা জানি, এবার কভিড- ১৯-এর জন্য আপনাদের অনেক বিধিনিষেধের মধ্য দিয়ে এই পূজা পালন করতে হচ্ছে। দুর্গা উৎসব যে শারদীয় উৎসব সেই উৎসবের অনেক কিছু আপনারা পালন করতে পারছেন না।’

তিনি বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এ কথা বলতে চাই যে, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এক সাথে বাস করছি। ১৯৭১ সালের যে গণতন্ত্রের চেতনা সেই চেতনাকে ধারণ করে আমরা এদেশে বাস করছি।’

ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামন্ডপে পৌঁছলে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন ম-ল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা তাপস কুমার পাল, কাজল দেবনাথসহ পূজা উদযাপন কমিটির নেতারা বিএনপি মহাসচিবকে স্বাগত জানান। পরে বিএনপি মহাসচিব নেতাদেন নিয়ে দুর্গা দেবীর প্রতিমার কাছে কিছু সময় অবস্থান করেন। তিনি ভক্ত-পুণ্যার্থীদেরও শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির হাবিব উন নবী খান সোহেল, গৌতম চক্রবর্তী, ইশরাক হোসেন, অমলেন্দু দাশ অপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রমেশ দত্ত, মহানগরের কাজী আবুল বাশার, মীর আশরাফ আলী আজম, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত